
‘দেশে আসেন, দেখা হবে রাজপথে’—শেখ হাসিনার উদ্দেশে হাফিজ উদ্দিন আহমেদ
ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার উদ্দেশে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হাফিজ উদ্দিন আহমেদ বলেছেন, ‘আমরা অপেক্ষা করে আছি, আসেন দেশে। দেশে আসেন, দেখা হবে ইনশাআল্লাহ রাজপথে।’বুধবার (৫ আগস্ট) রাজধানীর আগারগাঁওয়ে চীন-মৈত্রী আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে আয়োজিত জুলাই গণঅভ্যুত্থান দিবসের অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।
হাফিজ উদ্দিন আহমেদ বলেন, ‘আপনাদের নির্বাচিত সরকার আমরা। ভুল হলে আমাদের শুধরে দেবেন। আমরা তো আর আওয়ামী লীগ হতে পারবো না, হতেও চাই না।’তিনি অভিযোগ করে বলেন, ‘আওয়ামী লীগের কোনো অনুশোচনা নেই। এত অন্যায়, অবিচার, খুন, গুম, মানি লন্ডারিং, হত্যা, নির্যাতন ও আয়নাঘরের মতো ঘটনার পরও তাদের মধ্যে কোনো লজ্জাবোধ দেখা যায় না। আবারও তারা দেশে ফিরে আসার কথা বলছে।’
নিজের রাজনৈতিক ও ব্যক্তিগত অভিজ্ঞতার কথা তুলে ধরে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি বলেন, ‘২৭ বছর বয়সে মুক্তিযুদ্ধ করেছি। এখন ৮২ বছর বয়সে প্রয়োজনে বাংলাদেশের জন্য আবারও সংগ্রাম করব। এ দেশের জনগণের শাসন ও গণতন্ত্রকে চিরস্থায়ী করতে আমরা কাজ করে যাব। ১৯৭১ সালে দেশের জন্য রক্ত দিয়েছি। এ ধরনের বাংলাদেশ দেখার জন্য যুদ্ধ করিনি।’


