
লোহিত সাগরে আরও একটি তেলবাহী ট্যাংকারে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলার দাবি করেছে ইয়েমেনের বিদ্রোহী গোষ্ঠী হুথিরা। গোষ্ঠীটির দাবি, সৌদি আরবের তেলবাহী ট্যাংকার **‘ওয়াফা’**কে লক্ষ্য করে একাধিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয়েছে। একই সঙ্গে তারা জানিয়েছে, চলমান সামুদ্রিক অভিযানে এখন পর্যন্ত অন্তত আটটি ট্যাংকারে হামলা চালানো হয়েছে।বুধবার (৫ আগস্ট) তুরস্কের সরকারি সংবাদমাধ্যম আনাদোলু এজেন্সি এ তথ্য জানিয়েছে।
হুথিদের দাবি, ইয়ানবু উপকূলের কাছে লোহিত সাগরের উত্তরাঞ্চলে অবস্থানরত সৌদি তেলবাহী ট্যাংকার **‘ওয়াফা’**কে লক্ষ্য করে একাধিক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছোড়া হয়।গোষ্ঠীটির সামরিক মুখপাত্র ইয়াহিয়া সারি সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ দেওয়া এক বিবৃতিতে বলেন, ক্ষেপণাস্ত্রগুলো ট্যাংকারটিতে ‘নির্ভুলভাবে’ আঘাত হেনেছে। তার ভাষ্য অনুযায়ী, এ হামলা সৌদি আরবের বিরুদ্ধে পরিচালিত সামুদ্রিক অবরোধ এবং ‘অবরোধের বদলে অবরোধ’ কৌশলের অংশ।
তিনি আরও জানান, ২২ জুলাই অবরোধ শুরুর পর থেকে অন্তত আটটি ট্যাংকারকে লক্ষ্যবস্তু করা হয়েছে। পাশাপাশি ২৯টি সৌদি তেলবাহী ট্যাংকারকে লোহিত সাগর ও আরব সাগর হয়ে চলাচল থেকে বিরত রাখা হয়েছে অথবা সেগুলোকে ফিরে যেতে বাধ্য করা হয়েছে বলেও দাবি করেন তিনি।ইয়াহিয়া সারির দাবি, বাব এল-মান্দেব প্রণালিতে হুথিদের অবরোধ কার্যকরভাবে বাস্তবায়িত হচ্ছে। এর ফলে সৌদি আরব তাদের তেলবাহী ট্যাংকারগুলোকে উত্তর লোহিত সাগরের বিকল্প পথে পরিচালিত করছে।
তিনি সতর্ক করে বলেন, সামুদ্রিক প্রবেশপথ বন্ধ করা এবং সৌদি তেলবাহী ট্যাংকারের চলাচল ঠেকাতে লোহিত সাগরে হামলা অব্যাহত থাকবে। ভবিষ্যতে এসব হামলা আরও জোরদার করা হবে বলেও হুমকি দেন তিনি।তবে হুথিদের এসব দাবির বিষয়ে সৌদি আরবের কর্তৃপক্ষের পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো আনুষ্ঠানিক মন্তব্য পাওয়া যায়নি।


