বুধবার, আগস্ট ৫, ২০২৬
spot_img

ছাত্রদল-ছাত্রশিবির সংঘর্ষে আইনশৃঙ্খলার দুর্বলতার ইঙ্গিত: রুমিন ফারহানা

নিজস্ব প্রতিবেদক

গণমাধ্যমের বর্তমান বাস্তবতায় কোনো রাজনৈতিক নেতার বক্তব্য পুরোপুরি বন্ধ রাখা সম্ভব নয় বলে মন্তব্য করেছেন ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের সংসদ সদস্য রুমিন ফারহানা। তিনি বলেন, বর্তমানে প্রত্যেক মানুষের হাতেই গণমাধ্যম রয়েছে এবং যারা শুনতে চান, তারা যেকোনো বক্তব্য শুনতে পারবেন।বুধবার (৫ আগস্ট) দুপুরে ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলা পরিষদ মিলনায়তনে জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে আয়োজিত সংবর্ধনা ও আলোচনা সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ মন্তব্য করেন। অনুষ্ঠানের আয়োজন করে সরাইল উপজেলা প্রশাসন

শেখ হাসিনার বক্তব্য প্রচারে নিষেধাজ্ঞার বিষয়ে প্রশ্ন করা হলে রুমিন ফারহানা বলেন, “গণমাধ্যম কেবল ২৬টি টেলিভিশন চ্যানেল নয়। আজকাল প্রত্যেক মানুষের হাতেই গণমাধ্যম আছে। যে শুনতে চায়, সে শুনতে পারবে। এভাবে কারও বক্তব্য প্রচার বন্ধ রাখা যায় না।”তিনি আরও বলেন, “শেখ হাসিনার আমলেও আমরা দেখেছি তারেক রহমানের বক্তব্য আদালতের আদেশে প্রচার নিষিদ্ধ ছিল। সেটা যদি গণতন্ত্র না হয়, তাহলে বর্তমান পরিস্থিতিকে কীভাবে গণতন্ত্র বলা যায়?”

শেখ হাসিনার ভবিষ্যৎ রাজনৈতিক অবস্থান প্রসঙ্গে রুমিন ফারহানা বলেন, “তিনি বাংলাদেশের নাগরিক। তার পরিবার এবং বাংলাদেশের রাজনীতিতে দীর্ঘদিনের অবদান রয়েছে। তার পরিবারকে সপরিবারে হত্যা করা হয়েছিল। স্বাধীনতা সংগ্রামে আওয়ামী লীগ ছিল অন্যতম প্রধান রাজনৈতিক শক্তি। সবকিছু বিবেচনায় এবং তার বয়সের দিক থেকেও আমার মনে হয়, তিনি যদি দেশে ফিরে না আসেন, তাহলে তার দল এবং দীর্ঘ রাজনৈতিক জীবনের ভবিষ্যৎ কী হবে—সেটিও একটি প্রশ্ন। আমার সাধারণ বিবেচনায় মনে হয়, তিনি ফিরে আসবেন।”

সাম্প্রতিক ছাত্রদল-ছাত্রশিবির সংঘর্ষের বিষয়ে তিনি বলেন, এ ঘটনা দেশের নাজুক আইনশৃঙ্খলা পরিস্থিতির প্রতিফলন। একই সঙ্গে এটি বিভিন্ন রাজনৈতিক দলের ছাত্রসংগঠনের ওপর নিয়ন্ত্রণের দুর্বলতারও ইঙ্গিত দেয়। তার ভাষায়, “দিনশেষে আমরা আবারও পুরোনো ধরনের রাজনীতির দিকেই ফিরে যাচ্ছি।”এদিকে, উপজেলা প্রশাসনের আয়োজিত অনুষ্ঠানে রুমিন ফারহানাকে প্রধান অতিথি করায় স্থানীয় বিএনপি অনুষ্ঠানটি বয়কট করে। এ বিষয়ে প্রতিক্রিয়া জানিয়ে তিনি বলেন, “বিএনপিকে মানতে হবে যে মানুষ ভোট দিয়ে আমাকে সংসদ সদস্য নির্বাচিত করেছে। এই বাস্তবতা তাদের মেনে নিতে হবে।”

সরাইল উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. সাইফুল ইসলাম-এর সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় আরও বক্তব্য দেন সরাইল উপজেলা জামায়াতে ইসলামীর আমির এনাম খাঁ, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মোহাম্মদ নিজাম উদ্দিন এবং সরাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মনজুর কাদের ভূঁইয়াসহ অন্যান্যরা।

- Advertisement -spot_img
  • পঠিত
  • সর্বশেষ

পাঠকের আগ্রহ

সম্পর্কিত