
জুলাই বিপ্লবের দ্বিতীয় বার্ষিকী উপলক্ষে জুলাইয়ের গণহত্যাসহ সকল হত্যাকাণ্ডের বিচার এবং গণভোটের রায়ের ভিত্তিতে জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে চট্টগ্রামে বিক্ষোভ সমাবেশ ও গণমিছিল করেছে ১১ দলীয় ঐক্য।
বুধবার (৫ আগস্ট) বিকেলে চট্টগ্রামের লালদিঘী জেলা পরিষদ চত্বরে অনুষ্ঠিত সমাবেশ শেষে একটি গণমিছিল নগরীর বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে নিউ মার্কেট মোড়ে গিয়ে শেষ হয়। আয়োজকদের দাবি, প্রচণ্ড বৃষ্টির মধ্যেও সহস্রাধিক মানুষের অংশগ্রহণে কর্মসূচি অনুষ্ঠিত হয়।বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও চট্টগ্রাম মহানগরী আমীর মুহাম্মদ নজরুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য আলহাজ্ব শাহজাহান চৌধুরী এমপি।সমাবেশে শাহজাহান চৌধুরী বলেন, “জুলাই সনদের অঙ্গীকার বাস্তবায়ন না হলে রাজপথেই জবাব দেওয়া হবে।” তিনি দাবি করেন, জুলাই আন্দোলন শুধু একটি আন্দোলন নয়, এটি দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষার আন্দোলন। তিনি জুলাইয়ের গণহত্যাসহ অতীতের বিভিন্ন হত্যাকাণ্ডের বিচার এবং ১/১১-এর ঘটনার সঙ্গে জড়িতদের বিচারের আওতায় আনার আহ্বান জানান।
তিনি আরও বলেন, জুলাই সনদে স্বাক্ষরকারী রাজনৈতিক দলগুলোর দাবির ভিত্তিতে সংবিধারের প্রয়োজনীয় সংস্কার করতে হবে। তার অভিযোগ, এ বিষয়ে কার্যকর পদক্ষেপের পরিবর্তে সময়ক্ষেপণ করা হচ্ছে।সভাপতির বক্তব্যে মুহাম্মদ নজরুল ইসলাম বলেন, জনগণের মতামতকে প্রাধান্য দিয়ে গণভোটের রায়ের ভিত্তিতে জুলাই সনদ বাস্তবায়ন করতে হবে। একই সঙ্গে জুলাইয়ের গণহত্যাসহ সব হত্যাকাণ্ডের দ্রুত বিচার নিশ্চিত করার দাবি জানান তিনি।তিনি আরও বলেন, দেশের মানুষ বর্তমানে গ্যাস, বিদ্যুৎ সংকট এবং নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্যবৃদ্ধিতে কষ্টে রয়েছে। এসব সমস্যা সমাধানে সরকারের কার্যকর উদ্যোগ প্রয়োজন।সমাবেশে আরও বক্তব্য দেন বাংলাদেশ খেলাফত মজলিসের চট্টগ্রাম মহানগর সভাপতি মাওলানা এমদাদ উল্লাহ সোহাইল, বাংলাদেশ নেজামে ইসলাম পার্টির মহানগর আমীর মাওলানা জিয়াউল হোসাইন, নগর জামায়াতের সেক্রেটারি অধ্যক্ষ মুহাম্মদ নুরুল আমিন, জাতীয় গণতান্ত্রিক পার্টির মহানগর সভাপতি আবু মোজাফফর মোহাম্মদ আনাস, এলডিপি মহানগর সভাপতি সৈয়দ গিয়াসউদ্দিন আলম, আমার বাংলাদেশ পার্টির মহানগর আহ্বায়ক অ্যাডভোকেট গোলাম ফারুক, লেবার পার্টির মহানগর সভাপতি আলাউদ্দিন আলী, বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টির মহানগর সহ-সভাপতি অ্যাডভোকেট আব্দুল মোতালেব এবং এনসিপির মহানগর যুগ্ম আহ্বায়ক জসিমউদ্দীন ওপেল।
এছাড়া ১১ দলীয় ঐক্যের বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীরা সমাবেশ ও গণমিছিলে অংশ নেন।


