শনিবার, আগস্ট ৮, ২০২৬
spot_img

অনলাইন প্রেমের পর ব্ল্যাকমেইল,

নিজস্ব প্রতিবেদক

জামালপুর: ভারতের পশ্চিমবঙ্গের এক তরুণীর ব্যক্তিগত ছবি ও ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেওয়া এবং সেগুলো দিয়ে হুমকি দেওয়ার অভিযোগে জামালপুরের দেওয়ানগঞ্জ উপজেলার মোস্তাফিজুর রহমান মেহেদী (১৯) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি-১)।মঙ্গলবার (৪ আগস্ট) রাত ১০টার দিকে উপজেলার কালিকাপুর এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। বুধবার (৫ আগস্ট) রাতে এক প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করে জামালপুর জেলা পুলিশ। গ্রেপ্তার হওয়া মেহেদী কালিকাপুর গ্রামের মৃত আব্দুল করিমের ছেলে।

পুলিশ জানায়, সামাজিক যোগাযোগমাধ্যমে ভারতের পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদ জেলার এক তরুণীর সঙ্গে মেহেদীর পরিচয় হয়। পরে তাদের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। সম্পর্কের সময় তারা নিজেদের ব্যক্তিগত ছবি ও ভিডিও একে অপরের সঙ্গে আদান-প্রদান করেন।অভিযোগ রয়েছে, পরবর্তীতে মেহেদী ওই তরুণীর ব্যক্তিগত ছবি ও ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশের হুমকি দেন এবং তার কয়েকজন নিকট আত্মীয়ের কাছেও সেগুলো পাঠান। এতে সামাজিকভাবে হেয় প্রতিপন্ন হওয়ার অভিযোগ তুলে ভুক্তভোগী তরুণী ভারতের মুর্শিদাবাদ জেলার সুতি থানায় লিখিত অভিযোগ দায়ের করেন।পরে বিষয়টি জামালপুরের পুলিশ সুপারের কাছে লিখিতভাবে জানানো হলে জেলা গোয়েন্দা শাখা তদন্ত শুরু করে। তদন্তে পাওয়া তথ্যের ভিত্তিতে বিশেষ অভিযান চালিয়ে মেহেদীকে গ্রেপ্তার করা হয়।

এ সময় তার ব্যবহৃত একটি অ্যান্ড্রয়েড মোবাইল ফোন জব্দ করা হয়।পুলিশের দাবি, জব্দ করা মোবাইল ফোন বিশ্লেষণ করে বিভিন্ন সামাজিক যোগাযোগমাধ্যম ও মেসেজিং অ্যাকাউন্টের তথ্য পাওয়া যায়। সেসব তথ্য-উপাত্ত পর্যালোচনায় ভুক্তভোগীর আত্মীয়দের কাছে ব্যক্তিগত ছবি ও ভিডিও পাঠানোর অভিযোগের সমর্থনে তথ্য মিলেছে।জামালপুর জেলা গোয়েন্দা শাখার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি, ডিবি-১) সোহাগ রানা জানান, এ ঘটনায় গোয়েন্দা পুলিশ বাদী হয়ে একটি মামলা দায়ের করেছে। পরে গ্রেপ্তার ব্যক্তিকে আদালতে হাজির করা হলে আদালত তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

- Advertisement -spot_img
  • পঠিত
  • সর্বশেষ

পাঠকের আগ্রহ

সম্পর্কিত