
মার্কিন পপ তারকা অলিভিয়া রদ্রিগো আবারও প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নীতির বিরুদ্ধে প্রকাশ্যে প্রতিবাদ জানিয়েছেন। এবার তিনি নারীদের যৌন ও প্রজনন স্বাস্থ্যসেবা প্রদানকারী অলাভজনক সংস্থা ‘প্ল্যানড প্যারেন্টহুড’-এর সরকারি অর্থায়ন বন্ধের সিদ্ধান্তের বিরোধিতা করেছেন।সম্প্রতি নিজের আসন্ন নারীকেন্দ্রিক সংগীত উৎসব ‘ডেইজি চেইন ফিল্ডস’-এর ইনস্টাগ্রাম ও এক্স (সাবেক টুইটার) অ্যাকাউন্টে একটি নৃত্যভিত্তিক ভিডিও প্রকাশ করেন অলিভিয়া। ভিডিওটির শুরুতে উল্লেখ করা হয়, ট্রাম্প প্রশাসনের সিদ্ধান্তের পর থেকে প্রায় ৩০টি স্বাস্থ্যকেন্দ্র বন্ধ হয়ে গেছে।
ভিডিওতে প্রথমে অলিভিয়াসহ কয়েকজন নারীকে গম্ভীর মুখে দাঁড়িয়ে থাকতে দেখা যায়। পরে তারা নাচে অংশ নেন এবং পর্দায় ভেসে ওঠে, “তবুও আমরা যৌন ও প্রজনন স্বাস্থ্যসেবার অধিকারের জন্য লড়াই চালিয়ে যাব।”দীর্ঘদিন ধরেই ‘প্ল্যানড প্যারেন্টহুড’-এর সমর্থক অলিভিয়া রদ্রিগো। প্রজনন অধিকার নিয়ে সচেতনতা তৈরিতে অবদানের জন্য ২০২৫ সালে তিনি সংস্থাটির ‘ক্যাটালিস্ট অব চেঞ্জ অ্যাওয়ার্ড’ লাভ করেন।
অলিভিয়ার এই উদ্যোগের প্রশংসা করে প্ল্যানড প্যারেন্টহুড ফেডারেশন অব আমেরিকা-র প্রেসিডেন্ট ও প্রধান নির্বাহী অ্যালেক্সিস ম্যাকগিল জনসন বলেন, বর্তমান সময়ে প্রজনন স্বাস্থ্যসেবার প্রবেশাধিকার যখন হুমকির মুখে, তখন অলিভিয়ার মতো জনপ্রিয় তারকার সক্রিয় ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ।উল্লেখ্য, এর আগেও অভিবাসন সংস্থা আইসিই (ICE)-কে ঘিরে বিতর্কের সময় ট্রাম্প প্রশাসনের সমালোচনা করেছিলেন অলিভিয়া রদ্রিগো। সামাজিক ও মানবাধিকার ইস্যুতে সরব অবস্থানের কারণে তিনি তরুণ প্রজন্মের অন্যতম প্রভাবশালী কণ্ঠ হিসেবে বিবেচিত হন।


