
জাপানের সামরিক শক্তি বৃদ্ধির কঠোর সমালোচনার পর জাপান সাগরের দিকে একটি স্বল্পপাল্লার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে উত্তর কোরিয়া। বৃহস্পতিবার দক্ষিণ কোরিয়ার জয়েন্ট চিফ অব স্টাফ (জেসিএস) জানায়, স্থানীয় সময় বিকেল ৫টার দিকে উত্তর কোরিয়ার ওনসান এলাকা থেকে ক্ষেপণাস্ত্রটি উৎক্ষেপণ করা হয়।দক্ষিণ কোরিয়া ও যুক্তরাষ্ট্র যৌথভাবে ক্ষেপণাস্ত্রটির ধরন, পাল্লা ও সক্ষমতা বিশ্লেষণ করছে। জাপানের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, উৎক্ষেপণের পরও দেশটির উপকূল বা ভূখণ্ডে কোনো ক্ষয়ক্ষতি কিংবা নিরাপত্তা ঝুঁকি সৃষ্টি হয়নি।
এর আগে উত্তর কোরিয়ার নেতা কিম জং উনের বোন কিম ইয়ো জং জাপানের সামরিক নীতির পরিবর্তনের জবাবে আরও সামরিক পদক্ষেপ নেওয়ার হুঁশিয়ারি দেন। অন্যদিকে, জাপান সাম্প্রতিক নিরাপত্তা পরিস্থিতির কথা উল্লেখ করে নিজেদের প্রতিরক্ষা সক্ষমতা আরও জোরদারের প্রয়োজনীয়তার কথা জানিয়েছে।চলতি মাসের শেষ দিকে দক্ষিণ কোরিয়া ও যুক্তরাষ্ট্রের যৌথ সামরিক মহড়া উলচি ফ্রিডম শিল্ড অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। উত্তর কোরিয়া দীর্ঘদিন ধরেই এ ধরনের মহড়াকে আক্রমণের প্রস্তুতি হিসেবে আখ্যা দিয়ে আসছে। পরিস্থিতির প্রেক্ষাপটে দক্ষিণ কোরিয়ার সামরিক বাহিনী সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে এবং যুক্তরাষ্ট্র ও জাপানের সঙ্গে ঘনিষ্ঠভাবে তথ্য আদান-প্রদান করছে।


