
চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেন বলেছেন, যোগ্য, দক্ষ ও সৎ প্রকৌশলীদের নেতৃত্বে চট্টগ্রামের উন্নয়ন কার্যক্রম আরও গতিশীল হবে। প্রকৌশলীরা শুধু অবকাঠামো নির্মাণ করেন না, তারা একটি আধুনিক, নিরাপদ ও টেকসই নগর গড়ে তোলার কারিগর।
শুক্রবার (৭ আগস্ট) বিকেলে চট্টগ্রাম পলিটেকনিক ইনস্টিটিউট মিলনায়তনে আয়োজিত এক গুণীজন সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।চট্টগ্রাম সরকারি পলিটেকনিক ইনস্টিটিউটের সাবেক জিএস ইঞ্জিনিয়ার বেলায়েত হোসেন চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ (সিডিএ)-এর চেয়ারম্যান এবং অ্যাবের সাবেক সভাপতি ও ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (ডুয়েট) সাবেক ভিপি ইঞ্জিনিয়ার সেলিম মো. জানে আলম চট্টগ্রাম ওয়াসার ব্যবস্থাপনা পরিচালক (এমডি) নির্বাচিত হওয়ায় চট্টগ্রাম পলিটেকনিক ইনস্টিটিউট অ্যালামনাই অ্যাসোসিয়েশনের উদ্যোগে এ সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।
মেয়র ডা. শাহাদাত হোসেন বলেন, “চট্টগ্রাম সরকারি পলিটেকনিক ইনস্টিটিউট দেশের প্রকৌশল খাতে অসংখ্য দক্ষ মানবসম্পদ সৃষ্টি করেছে। আজ এই প্রতিষ্ঠানের দুই কৃতী সন্তান গুরুত্বপূর্ণ দুটি প্রতিষ্ঠানের নেতৃত্বে আসীন হওয়ায় শুধু এই প্রতিষ্ঠানেরই নয়, সমগ্র চট্টগ্রামবাসীর জন্য এটি গর্বের বিষয়।”তিনি আরও বলেন, “আমি বিশ্বাস করি, তাঁদের অভিজ্ঞতা, সততা ও পেশাগত দক্ষতার মাধ্যমে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলো আরও কার্যকর, জনবান্ধব ও আধুনিক সেবায় নতুন দৃষ্টান্ত স্থাপন করবে।”
অনুষ্ঠানে সংবর্ধিত অতিথিদের ফুলেল শুভেচ্ছা, সম্মাননা ক্রেস্ট ও উত্তরীয় প্রদান করা হয়। এ সময় তারা তাঁদের কর্মজীবনের বিভিন্ন অভিজ্ঞতা তুলে ধরেন এবং দেশের উন্নয়ন ও জনকল্যাণে নিষ্ঠা, সততা ও পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালনের অঙ্গীকার ব্যক্ত করেন।গুণীজন সংবর্ধনা কমিটির আহ্বায়ক ইঞ্জিনিয়ার হেলাল উদ্দিন আহমদের সভাপতিত্বে এবং সদস্য সচিব ইঞ্জিনিয়ার জমির উদ্দিন নাহিদের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান বক্তা ছিলেন চট্টগ্রাম-১০ আসনের সংসদ সদস্য সাঈদ আল নোমান।সংবর্ধিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের (সিডিএ) নবনির্বাচিত চেয়ারম্যান ইঞ্জিনিয়ার বেলায়েত হোসেন এবং চট্টগ্রাম ওয়াসার ব্যবস্থাপনা পরিচালক ইঞ্জিনিয়ার সেলিম মো. জানে আলম।বিশেষ অতিথি ছিলেন চট্টগ্রাম পলিটেকনিক ইনস্টিটিউটের অধ্যক্ষ ইঞ্জিনিয়ার জাবেদ ইকবাল এবং চট্টগ্রাম মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক শফিকুর রহমান স্বপন।
এছাড়া বক্তব্য রাখেন মহানগর স্বেচ্ছাসেবক দলের সিনিয়র সহ-সভাপতি জিয়াউর রহমান জিয়া, চট্টগ্রাম সিটি করপোরেশনের নির্বাহী প্রকৌশলী (বিদ্যুৎ) রুপক চন্দ্র দাস, ফখরুল ইসলাম, চট্টগ্রাম পলিটেকনিক ইনস্টিটিউট ছাত্রদলের সাবেক সভাপতি ও মহানগর ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক আসিফ চৌধুরী লিমন, ছাত্রদলের সাবেক আহ্বায়ক ও মহানগর ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক (দপ্তরের দায়িত্বে) শহিদুল ইসলাম সুমন, মহানগর ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক জহির উদ্দিন বাবর, পলিটেকনিক ছাত্রদলের সাবেক সদস্য সচিব ও মহানগর ছাত্রদলের সদস্য কামরুল হাসান আকাশ এবং পলিটেকনিক ছাত্রদলের সদস্য সচিব এমরান হোসেন রাব্বিসহ অ্যালামনাই অ্যাসোসিয়েশনের নেতৃবৃন্দ ও বিভিন্ন পর্যায়ের প্রকৌশলীরা।


