রবিবার, আগস্ট ৯, ২০২৬
spot_img

সালমান শাহ হত্যা রহস্য: রিজভীর দাবিকে ‘ভিত্তিহীন’ বললেন শাবনূর

বিনোদন ডেস্ক

বাংলা চলচ্চিত্রের অন্যতম জনপ্রিয় নায়ক সালমান শাহর মৃত্যুর রহস্য নিয়ে প্রায় তিন দশক ধরে নানা আলোচনা ও বিতর্ক চলে আসছে। ১৯৯৬ সালের ৬ সেপ্টেম্বর রাজধানীর ইস্কাটনের বাসায় ঝুলন্ত অবস্থায় পাওয়া যায় এই অভিনেতাকে। তার মৃত্যু হত্যা নাকি আত্মহত্যা—এ নিয়ে দীর্ঘদিন ধরে মতবিরোধ রয়েছে। এরই মধ্যে সালমান শাহর মৃত্যু নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে দীর্ঘ বক্তব্য দিয়েছেন নব্বই দশকের জনপ্রিয় চিত্রনায়িকা শাবনূর

শনিবার (৮ আগস্ট) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে ‘রিজভীর গালগল্প ও অসত্য বয়ান’ শিরোনামে দেওয়া এক স্ট্যাটাসে সালমান শাহর মৃত্যুর ঘটনায় রাজসাক্ষী হওয়া রিজভী আহমেদ ওরফে ফরহাদের বিভিন্ন সময়ের বক্তব্যের অসঙ্গতি তুলে ধরেন শাবনূর।শাবনূরের দাবি, রিজভী আহমেদ একসময় সালমান শাহর মৃত্যুকে পরিকল্পিত হত্যাকাণ্ড দাবি করে নিজের সম্পৃক্ততার কথা স্বীকার করেছিলেন। পরবর্তী সময়ে তিনি আবার সালমান শাহ আত্মহত্যা করেছিলেন বলে দাবি করেন। এমনকি সাম্প্রতিক দুটি সাক্ষাৎকারেও রিজভী একই ধরনের বক্তব্য দিয়েছেন বলে উল্লেখ করেন শাবনূর।

রিজভীর বক্তব্যের বিশ্বাসযোগ্যতা নিয়ে প্রশ্ন তুলে শাবনূর বলেন, একই ব্যক্তি যখন একই ঘটনা সম্পর্কে বিভিন্ন সময়ে পরস্পরবিরোধী বক্তব্য দেন, তখন তার সর্বশেষ দাবির বিশ্বাসযোগ্যতা নিয়েও প্রশ্ন ওঠা স্বাভাবিক।শাবনূর আরও দাবি করেন, সাম্প্রতিক এক সাক্ষাৎকারে রিজভী তাকে ভালোবাসতেন এবং বিয়ে করতে চেয়েছিলেন বলে বক্তব্য দিয়েছেন। অন্যদিকে আরেক সাক্ষাৎকারে তাকে নিজের সাবেক প্রেমিকা দাবি করেছেন। এমনকি ২০১৬ সালে তাদের বিয়ে এবং ২০১৮ সালে বিচ্ছেদ হয়েছে বলেও রিজভী দাবি করেছেন বলে জানান শাবনূর।এ দাবিকে সম্পূর্ণ ভিত্তিহীন উল্লেখ করে শাবনূর প্রশ্ন তোলেন, রিজভী ১৯৯৯ সাল থেকে যুক্তরাজ্যে বসবাস করছেন বলে দাবি করলে ২০১৬ থেকে ২০১৮ সালের মধ্যে তাদের বিয়ে কীভাবে সম্ভব। শাবনূর বলেন, ওই সময় তিনি যুক্তরাজ্যে যাননি এবং রিজভীর সঙ্গে তার কোনো সম্পর্ক তো দূরের কথা, তাকে তিনি চিনতেনও না।সালমান শাহকে ব্ল্যাকমেইল করা এবং তার আত্মহত্যার জন্য শাবনূর দায়ী—রিজভীর এমন বক্তব্যও প্রত্যাখ্যান করেছেন এই অভিনেত্রী। তিনি বলেন, রিজভীর নাম তিনি প্রথম শুনেছেন সালমান শাহর মৃত্যুর পর, যখন সে ওই ঘটনায় রাজসাক্ষী হয়েছিল।

শাবনূর তার বিরুদ্ধে আনা এসব অভিযোগকে ‘সম্পূর্ণ মিথ্যা, ভিত্তিহীন ও অত্যন্ত মানহানিকর’ বলে দাবি করেছেন। একই সঙ্গে সালমান শাহর পরিবারের বিরুদ্ধেও রিজভীর বিভিন্ন বক্তব্যের সমালোচনা করেন তিনি।রিজভীর বিভিন্ন বক্তব্যের উদাহরণ তুলে ধরে শাবনূর তার কিছু দাবির বাস্তবতা নিয়েও প্রশ্ন তোলেন। তার মতে, রিজভীর সাম্প্রতিক সাক্ষাৎকারে এমন কিছু বক্তব্য এসেছে, যেগুলো তার কাছে অসংগতিপূর্ণ ও অবিশ্বাস্য মনে হয়েছে।সালমান শাহর মৃত্যুর সঙ্গে নিজের কোনো সম্পৃক্ততা নেই উল্লেখ করে শাবনূর বলেন, সালমান শাহ কীভাবে মারা গেছেন সে বিষয়ে তার কোনো ধারণা নেই। তিনি সালমান শাহকে শুধু জনপ্রিয় নায়ক হিসেবে নয়, প্রিয় সহশিল্পী ও বড় ভাইয়ের মতো একজন মানুষ হিসেবে স্মরণ করেন।শাবনূর বলেন, সালমান শাহর অকাল মৃত্যু আজও তাকে ব্যথিত করে। তিনি চান, একটি নিরপেক্ষ ও পূর্ণাঙ্গ তদন্তের মাধ্যমে সালমান শাহর মৃত্যুর প্রকৃত রহস্য উদ্ঘাটিত হোক। একই সঙ্গে এ ঘটনায় কেউ জড়িত থাকলে তাদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিও জানান তিনি।সালমান শাহর মৃত্যুর ঘটনা নিয়ে দীর্ঘদিন ধরে তদন্ত, মামলা ও নানা বক্তব্যের কারণে রহস্য আরও জটিল হয়েছে। শাবনূরের সাম্প্রতিক বক্তব্য সেই পুরোনো বিতর্কে নতুন করে আলোচনার জন্ম দিয়েছে।

- Advertisement -spot_img
  • পঠিত
  • সর্বশেষ

পাঠকের আগ্রহ

সম্পর্কিত