
চট্টগ্রাম নগরীর হালিশহর থানার বড়পোল এলাকায় ফুটপাতের ভাসমান দোকান থেকে নিয়মিত চাঁদা আদায়ের অভিযোগে রাব্বি নামে এক ব্যক্তিকে হাতেনাতে আটক করে পুলিশে দিয়েছে স্থানীয় এলাকাবাসী।
বৃহস্পতিবার রাতে চাঁদা আদায়ের সময় তাকে আটক করা হয়। পরে স্থানীয়রা হালিশহর থানা পুলিশকে খবর দিলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাকে থানায় নিয়ে যায়। স্থানীয়দের অভিযোগ, রাব্বি বড়পোল এলাকার বিভিন্ন ফুটপাতের দোকানদারের কাছ থেকে প্রতিদিন ৫০ থেকে ১০০ টাকা করে চাঁদা আদায় করতেন। চাঁদা আদায়ের সময় তিনি স্থানীয় বিএনপি নেতাদের নাম ব্যবহার করতেন এবং নিজেকে পুলিশের প্রতিনিধির পরিচয় দিয়ে টাকা আদায় করতেন বলেও অভিযোগ করেছেন তারা।
এ বিষয়ে স্থানীয় এলাকাবাসী গিয়াস উদ্দিন সম্রাট বলেন, বড়পোল এলাকায় দীর্ঘদিন ধরে চাঁদাবাজির অভিযোগ রয়েছে। এর আগেও রাব্বিকে আটক করে মৌখিকভাবে সতর্ক করে ছেড়ে দেওয়া হয়েছিল। এরপরও তিনি চাঁদা আদায় অব্যাহত রাখেন। বৃহস্পতিবার রাতে চাঁদা আদায়ের সময় তাকে হাতেনাতে আটক করে পুলিশের কাছে দেওয়া হয়েছে।
এদিকে স্থানীয় বিএনপি নেতা জানে আলম বলেন, বিএনপির পরিচয় ব্যবহার করে কেউ চাঁদাবাজি করতে পারবে না। দলের নাম ব্যবহার করে কেউ চাঁদাবাজি করলে তার দায় বিএনপি নেবে না। তিনি বলেন, বড়পোল এলাকায় কোনো ধরনের চাঁদাবাজি চলতে দেওয়া হবে না।
স্থানীয়রা জানান, এর আগেও বড়পোল এলাকায় চাঁদাবাজির অভিযোগে মনজুরুল আলম নামে একজনকে গ্রেপ্তার করা হয়েছিল। কয়েকদিন কারাভোগের পর তিনি জামিনে বের হয়ে আসেন।এ ছাড়া বড়পোল এলাকায় চাঁদাবাজির একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে বিষয়টি নিয়ে স্থানীয়দের মধ্যে ব্যাপক আলোচনা ও ক্ষোভের সৃষ্টি হয়।
হালিশহর থানার অফিসার ইনচার্জ (ওসি) কাজী আহসান উদ্দিন বলেন, চাঁদাবাজির অভিযোগে এলাকাবাসী একজনকে আটক করে পুলিশকে খবর দেয়। পরে পুলিশ তাকে থানায় নিয়ে এসেছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।
তবে অভিযোগের বিষয়ে আটক রাব্বির বক্তব্য তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি।


