
দীর্ঘ আট বছরের বিরতি কাটিয়ে অবশেষে ক্যামেরার সামনে ফিরেছেন বলিউড অভিনেত্রী প্রীতি জিনতা। তবে দীর্ঘ সময় পর শুটিং সেটে প্রথম দিনেই বেশ নার্ভাস হয়ে পড়েছিলেন এই অভিনেত্রী। বিশেষ করে পরিচালক রাজকুমার সন্তোষী প্রথম দিনেই সিনেমার সবচেয়ে কঠিন দৃশ্যটি তার হাতে তুলে দেওয়ায় ভয়ে রীতিমতো কাঁপছিলেন তিনি।সম্প্রতি এক সাক্ষাৎকারে নিজের সেই অভিজ্ঞতার কথা জানিয়েছেন প্রীতি জিনতা। তিনি জানান, দীর্ঘ বিরতির পর আবারও লাইট-ক্যামেরা-অ্যাকশনের জগতে ফিরে আসা তার জন্য সহজ ছিল না। তার ওপর শুটিংয়ের প্রথম দিনেই পরিচালক ছবির সবচেয়ে জটিল দৃশ্যটি ধারণের সিদ্ধান্ত নেন।
প্রীতি বলেন, দৃশ্যটি করার আগে তিনি ভয়ে কাঁপছিলেন। ঠিক সেই সময় সহ-অভিনেতা সানি দেওল তার পাশে দাঁড়ান এবং আত্মবিশ্বাস জোগান। সানি তাকে আশ্বস্ত করে বলেন, চিন্তার কিছু নেই; পরিচালক প্রয়োজনে একাধিকবার রিটেক নেবেন।সানির এমন আন্তরিক ও মানবিক আচরণে ধীরে ধীরে প্রীতির উদ্বেগ কমে আসে। একটানা সারা রাত শুটিং করার পর পরিস্থিতিও তার কাছে অনেকটা সহজ হয়ে আসে।দীর্ঘ সময় চলচ্চিত্র থেকে দূরে থাকলেও সিনেমাকে খুব একটা মিস করেননি বলে জানান প্রীতি। ২০১৮ সালে মুক্তি পাওয়া ‘ভাইয়াজি সুপারহিট’ ছিল তার সর্বশেষ চলচ্চিত্র, যেখানে তার বিপরীতে অভিনয় করেছিলেন সানি দেওল।প্রীতি জানান, গত আট বছর তিনি পরিবার ও সন্তানদের নিয়েই ব্যস্ত ছিলেন। তার মতে, পেশাগত জীবনে অনেক সাফল্য অর্জন করলেও মা হওয়া এবং সন্তানদের বড় করে তোলাই তার জীবনের সবচেয়ে বড় অর্জন।এই মাতৃত্বের অভিজ্ঞতাই ‘বাটোয়ারা ১৯৪৭’ সিনেমায় তার চরিত্রটি বুঝতে তাকে সাহায্য করেছে বলেও জানান অভিনেত্রী। ১৯৪৭ সালের দেশভাগের পটভূমিতে নির্মিত সিনেমাটিতে প্রীতি অভিনয় করেছেন একজন মুসলিম নারীর চরিত্রে। সানি দেওল রয়েছেন তার স্বামীর ভূমিকায়।
গল্পে দেখা যাবে, দেশভাগের ভয়াবহ অস্থিরতার মধ্যে লাহোরে নিজেদের বাড়িতে এক হিন্দু নারীকে আশ্রয় দেন এই দম্পতি। প্রীতির মতে, পরিবার ও মূল্যবোধ রক্ষায় একজন নারীর মানসিক অবস্থান বুঝতে তার নিজের মাতৃত্বের অভিজ্ঞতা গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে।আমির খান প্রোডাকশনসের প্রযোজনায় এবং রাজকুমার সন্তোষীর পরিচালনায় নির্মিত এই বড় বাজেটের সিনেমায় প্রীতি ও সানি দেওল ছাড়াও অভিনয় করেছেন শাবানা আজমি, করণ দেওল, আলি ফজল, অভিমন্যু সিং, খুশি হাজারে ও কানিকা কাপুর।সিনেমাটির সংগীত পরিচালনা করেছেন এ আর রহমান এবং গান লিখেছেন জাভেদ আখতার। সেন্ট্রাল বোর্ড অব ফিল্ম সার্টিফিকেশন (সিবিএফসি) থেকে কোনো কাটছাঁট ছাড়াই ছাড়পত্র পেয়েছে সিনেমাটি।
‘বাটোয়ারা ১৯৪৭’ আগামী ১৪ আগস্ট প্রেক্ষাগৃহে মুক্তি পাওয়ার কথা রয়েছে।
সূত্র: টাইমস অব ইন্ডিয়া


