মঙ্গলবার, আগস্ট ১১, ২০২৬
spot_img

দলের সিদ্ধান্তের বাইরে ভোট দিলে এমপি পদ বাতিল হবে: চিফ হুইপ

নিজস্ব প্রতিবেদক

সংবিধানের ৭০ অনুচ্ছেদ কার্যকর রয়েছে এবং দলের সিদ্ধান্তের বাইরে গিয়ে কোনো সংসদ সদস্য ভোট দিলে তাঁর সংসদ সদস্য পদ বাতিল হবে বলে জানিয়েছেন জাতীয় সংসদের চিফ হুইপ নূরুল ইসলাম। মঙ্গলবার রাষ্ট্রপতি নির্বাচন উপলক্ষে আয়োজিত প্রস্তুতিমূলক সভা শেষে জাতীয় সংসদের মিডিয়া সেন্টারে এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন। আগামী ২০ আগস্ট দেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচনের ভোট গ্রহণ অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। সংবিধান অনুযায়ী, সংসদ সদস্যদের ভোটেই রাষ্ট্রপতি নির্বাচিত হবেন।

রাষ্ট্রপতি নির্বাচনে সংবিধানের ৭০ অনুচ্ছেদ কার্যকর হবে কি না—এ নিয়ে নানা আলোচনা রয়েছে। সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে চিফ হুইপ নূরুল ইসলাম বলেন, সংবিধানের ৭০ অনুচ্ছেদ বর্তমানে কার্যকর রয়েছে। ফলে কোনো সংসদ সদস্য দলের সিদ্ধান্তের বাইরে গিয়ে ভোট দিলে তাঁর সংসদ সদস্য পদ বাতিল হবে।

তিনি জানান, আগামী ২০ আগস্ট সংসদকক্ষে বেলা ২টা থেকে বিকেল ৫টা পর্যন্ত রাষ্ট্রপতি নির্বাচনের ভোট গ্রহণ করা হবে। সংসদ সদস্যরা তাঁদের বিভক্তিসংখ্যা অনুযায়ী ভোট দেবেন। চিফ হুইপ আরও জানান, রাষ্ট্রপতি, সংসদ নেতা, বিরোধীদলীয় নেতা এবং ভারপ্রাপ্ত স্পিকার ভোট দেওয়ার সময় তা টেলিভিশনে সরাসরি সম্প্রচার করা হবে। ভোট গণনা থেকে শুরু করে ফলাফল ঘোষণা পর্যন্ত কার্যক্রমও সরাসরি সম্প্রচারের ব্যবস্থা থাকবে।

এদিকে বিএনপির রাষ্ট্রপতি প্রার্থী কবে চূড়ান্ত হবে—এমন প্রশ্নের জবাবে চিফ হুইপ বলেন, ‘প্রধানমন্ত্রী ঘোষণা করলে আমরা সবাই জানতে পারব। মনোনয়ন ফরম দাখিলের সময়ই আমরা সবাই জানব।’

অন্যদিকে, বাংলাদেশ জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১১-দলীয় ঐক্যের পক্ষ থেকে কর্নেল (অব.) অলি আহমদকে রাষ্ট্রপতি পদে প্রার্থী হিসেবে চূড়ান্ত করা হয়েছে। বিএনপি এখনো আনুষ্ঠানিকভাবে তাদের প্রার্থীর নাম ঘোষণা করেনি। তবে দলীয় সূত্রে জানা গেছে, বিএনপির মহাসচিব ও স্থানীয় সরকারমন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর রাষ্ট্রপতি পদে দলের সম্ভাব্য প্রার্থী। রাষ্ট্রপতি পদে বিএনপি ও বিরোধী দলের পক্ষ থেকে ইতোমধ্যে মনোনয়নপত্র সংগ্রহ করা হয়েছে। আগামী বৃহস্পতিবার মনোনয়নপত্র জমা দেওয়ার কথা রয়েছে।

এদিকে সংবাদ সম্মেলনে বিরোধীদলীয় চিফ হুইপ ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম বলেন, গণতন্ত্রকে কার্যকর রাখতে একটি অংশগ্রহণমূলক নির্বাচন প্রয়োজন। তাঁদের রাজনৈতিক অবস্থান দেশবাসীর সামনে তুলে ধরতেই রাষ্ট্রপতি নির্বাচনে প্রার্থী দেওয়া হয়েছে। নাহিদ ইসলাম বলেন, ‘জুলাই সনদ’ অনুযায়ী রাষ্ট্রপতি নির্বাচন হওয়া উচিত ছিল। গণভোটের রায় যেহেতু সংস্কারের পক্ষে এসেছে, তাই ৭০ অনুচ্ছেদ সংস্কার করে রাষ্ট্রপতি নির্বাচন করা যেত। এতে নির্বাচিত রাষ্ট্রপতি আরও বেশি সম্মানিত ও গ্রহণযোগ্য হতেন। তবে বর্তমান পরিস্থিতিতে রাষ্ট্রপতি নির্বাচনকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় হতে দিতে চান না বলেও জানান তিনি। এ কারণেই কর্নেল (অব.) অলি আহমদকে প্রার্থী করা হয়েছে বলে জানান নাহিদ ইসলাম।

- Advertisement -spot_img
  • পঠিত
  • সর্বশেষ

পাঠকের আগ্রহ

সম্পর্কিত