মঙ্গলবার, সেপ্টেম্বর ২৯, ২০২৬
spot_img

মির্জা ফখরুলের পদত্যাগের পর মন্ত্রণালয়ে রদবদল, স্বরাষ্ট্রে এ্যানি

নিজস্ব প্রতিবেদক

ডেস্ক রিপোর্ট, নোঙর নিউজ

রাষ্ট্রপতি পদে বিএনপির প্রার্থী হিসেবে মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নাম ঘোষণার পর সরকারের গুরুত্বপূর্ণ দুই মন্ত্রণালয়ে দায়িত্ব পুনর্বণ্টনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদকে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হচ্ছে। আর স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হচ্ছে পানিসম্পদমন্ত্রী শহীদ উদ্দিন চৌধুরী এ্যানিকে। বৃহস্পতিবার (১৩ আগস্ট) প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত বিএনপির স্থায়ী কমিটির বৈঠকে এ বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানা গেছে। মন্ত্রণালয় সূত্র জানিয়েছে, দায়িত্ব পুনর্বণ্টনসংক্রান্ত প্রজ্ঞাপন বৃহস্পতিবার সন্ধ্যায় জারি হতে পারে।

রাষ্ট্রপতি পদে প্রার্থী হিসেবে মনোনয়ন পাওয়ার পর মির্জা ফখরুল ইসলাম আলমগীর বিএনপির মহাসচিব ও জাতীয় স্থায়ী কমিটির সদস্য পদ থেকে পদত্যাগ করেছেন। একই সঙ্গে তিনি স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের দায়িত্ব থেকেও সরে দাঁড়ানোর প্রক্রিয়ায় রয়েছেন। তাঁর পদত্যাগের পর মন্ত্রণালয়টির দায়িত্বে নতুন নেতৃত্ব আনার প্রয়োজন তৈরি হয়। সালাহউদ্দিন আহমদ বর্তমানে স্বরাষ্ট্রমন্ত্রীর দায়িত্ব পালন করছেন। নতুন সিদ্ধান্ত কার্যকর হলে তিনি স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের দায়িত্ব নেবেন। এর আগে তিনি যোগাযোগ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হিসেবেও দায়িত্ব পালন করেছেন।

অন্যদিকে শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি বর্তমানে পানিসম্পদ মন্ত্রণালয়ের মন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করছেন। নতুন দায়িত্ব অনুযায়ী তিনি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্ব গ্রহণ করবেন।

মির্জা ফখরুলের রাষ্ট্রপতি প্রার্থিতা চূড়ান্ত হওয়ার পর থেকেই তাঁর ছেড়ে দেওয়া সরকারি ও দলীয় পদে সম্ভাব্য পরিবর্তন নিয়ে আলোচনা চলছিল। এরই ধারাবাহিকতায় মন্ত্রিসভায় এই দায়িত্ব পুনর্বণ্টনের সিদ্ধান্ত এসেছে। দায়িত্ব পুনর্বণ্টনের মাধ্যমে স্থানীয় সরকার ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের প্রশাসনিক কার্যক্রমে ধারাবাহিকতা বজায় রাখার পাশাপাশি সরকারের গুরুত্বপূর্ণ দুই খাতে নতুন নেতৃত্ব নিশ্চিত করা হচ্ছে বলে সংশ্লিষ্ট সূত্রগুলো জানিয়েছে।

রাষ্ট্রপতি নির্বাচনের তফসিল অনুযায়ী, মনোনয়নপত্র বাছাই হবে ১৬ আগস্ট এবং প্রার্থিতা প্রত্যাহারের শেষ সময় ১৮ আগস্ট। একাধিক প্রার্থী থাকলে আগামী ২০ আগস্ট জাতীয় সংসদ ভবনে রাষ্ট্রপতি নির্বাচন অনুষ্ঠিত হবে।

- Advertisement -spot_img
  • পঠিত
  • সর্বশেষ

পাঠকের আগ্রহ

সম্পর্কিত