
এ্যাসোসিয়েশন অব ইঞ্জিনিয়ার্স বাংলাদেশ (এ্যাব)-এর পক্ষ থেকে এ্যাব চট্টগ্রাম কেন্দ্রের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৫ আগস্ট) বিকেল ৪টায় আইইবি, চট্টগ্রাম কেন্দ্রের সেমিনার কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।
এ্যাবের পক্ষ থেকে আয়োজিত এ মতবিনিময় সভায় প্রধান অতিথি ছিলেন এ্যাসোসিয়েশন অব ইঞ্জিনিয়ার্স বাংলাদেশ (এ্যাব)-এর প্রকৌশলী শাহরিন ইসলাম চৌধুরী তুহিন। সভায় সভাপতিত্ব করেন এ্যাব চট্টগ্রাম বিভাগের সাবেক সভাপতি প্রকৌশলী সেলিম মো. জালাল আলম। এতে ব্যবস্থাপনা পরিচালক, চট্টগ্রাম ওয়াসার সভাপতি প্রকৌশলী মো. সিরাজুল ইসলাম ও প্রকৌশলী মো. এমাদুল হকসহ এ্যাবের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।সভায় চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের সাবেক চেয়ারম্যান প্রকৌশলী মো. নুরুল করিম, আইইবি চট্টগ্রাম কেন্দ্রের ভাইস-চেয়ারম্যান প্রকৌশলী মো. সাঈয়াত হোসেন, বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের তত্ত্বাবধায়ক প্রকৌশলী এ.কে.এম. মামুন বাশারীসহ বিভিন্ন পর্যায়ের প্রকৌশলী এবং এ্যাবের সদস্যরা উপস্থিত ছিলেন। সভায় স্থানীয় এ্যাব সদস্যরা সাংগঠনিকভাবে কাজ করার জন্য এ্যাবের কমিটি গঠনের বিষয়ে নেতৃবৃন্দের কাছে মতামত তুলে ধরেন।
প্রধান অতিথির বক্তব্যে প্রকৌশলী শাহরিন ইসলাম চৌধুরী তুহিন এ্যাব চট্টগ্রামের বিভিন্ন কর্মকাণ্ডের ভূয়সী প্রশংসা করেন। তিনি এ্যাব চট্টগ্রামের সব সদস্যকে ঐক্যবদ্ধ করার পাশাপাশি জাতীয় নির্বাচনে সক্রিয় ভূমিকা রাখা, বন্যাদুর্গতদের পুনর্বাসন ও আর্থিক সহায়তাসহ বিভিন্ন ক্ষেত্রে সংগঠনের অবদানের জন্য চট্টগ্রামের নেতৃবৃন্দের প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান।তিনি এ্যাব চট্টগ্রামের কার্যক্রম আরও গতিশীল করার ক্ষেত্রে সবসময় পাশে থাকার অঙ্গীকার ব্যক্ত করেন। একই সঙ্গে এ্যাবের কমিটি গঠনের ক্ষেত্রে ত্যাগী ও সংগঠনের সঙ্গে সম্পৃক্ত কর্মীদের অগ্রাধিকার দেওয়ার প্রত্যয় ব্যক্ত করেন। এ সময় তিনি আরও বলেন, আইইবি নির্বাচন শেষে এ্যাব চট্টগ্রামের কমিটি গঠন করা হবে। সংগঠনের কার্যক্রমকে আরও শক্তিশালী ও গতিশীল করতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান তিনি।মতবিনিময় সভায় এ্যাবের সাংগঠনিক কার্যক্রম, চট্টগ্রামের প্রকৌশলীদের ঐক্যবদ্ধ করা এবং ভবিষ্যৎ কর্মপরিকল্পনা নিয়ে আলোচনা করা হয়। সভায় প্রায় দুই শতাধিক প্রকৌশলী উপস্থিত ছিলেন।


