মঙ্গলবার, সেপ্টেম্বর ২৯, ২০২৬
spot_img

চট্টগ্রামে জাল টাকা তৈরির মেশিনসহ ৫৮ হাজার ৮০০ টাকা উদ্ধার

নিজস্ব প্রতিবেদক

চট্টগ্রাম নগরে জাল টাকা তৈরির অভিযোগে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) গোয়েন্দা বিভাগ (ডিবি)। তার কাছ থেকে প্রথমে ৪০ হাজার ৫০০ টাকার জাল নোট উদ্ধার করা হয়। পরে তাকে জিজ্ঞাসাবাদে পাওয়া তথ্যের ভিত্তিতে বায়েজিদ বোস্তামী থানার একটি বাসায় অভিযান চালিয়ে জাল টাকা তৈরির মেশিন ও আরও ১৮ হাজার ৩০০ টাকার জাল নোট উদ্ধার করেছে পুলিশ।গ্রেপ্তার ব্যক্তির নাম মো. মহিউদ্দিন প্রকাশ মহিন উদ্দিন (২৭)। তিনি চট্টগ্রামের ভূজপুর থানাধীন ঘড়াভাঙ্গা মাস্টার বাড়ি এলাকার বাসিন্দা।সিএমপি সূত্রে জানা যায়, ডিবি (বন্দর) টিম-৫৩-এর পুলিশ পরিদর্শক কাজী মাহফুজ হাসান সিদ্দিকীর নেতৃত্বে গত ১৩ আগস্ট গোপন সংবাদের ভিত্তিতে পাঁচলাইশ মডেল থানাধীন আফমী প্লাজার সামনে বাদশা মিয়ার চায়ের দোকানের সামনে পাকা রাস্তায় অভিযান পরিচালনা করা হয়।

অভিযানে এজাহারনামীয় আসামি মো. মহিউদ্দিন প্রকাশ মহিন উদ্দিনকে আটক করা হয়। এ সময় তার কাছ থেকে ৪০ হাজার ৫০০ টাকার জাল নোট উদ্ধার করা হয়। এ ঘটনায় পাঁচলাইশ মডেল থানায় ১৯৭৪ সালের বিশেষ ক্ষমতা আইনের ২৫(এ) ধারায় মামলা করা হয়।পরে মামলার তদন্তের অংশ হিসেবে আসামিকে নিয়ম অনুযায়ী পুলিশ রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হয়। জিজ্ঞাসাবাদে তিনি জানান, তার বর্তমান ঠিকানার বাসায় জাল টাকা তৈরির মেশিন এবং সাদা কাগজে ছাপানো কিছু জাল টাকা রয়েছে।তার দেওয়া তথ্যের ভিত্তিতে রোববার (২৩ আগস্ট) রাত ১২টা ৪৫ মিনিটে বায়েজিদ বোস্তামী থানাধীন তৈয়বীয়া হাউজিং সোসাইটির কালা সালামের বাড়ির রাবেয়ার ভাড়াঘরে অভিযান পরিচালনা করে ডিবি পুলিশ।

পুলিশ জানায়, অভিযানের সময় আসামির দেখানো ও নিজ হাতে বের করে দেওয়া মতে তার ভাড়া বাসা থেকে একটি জাল টাকা তৈরির মেশিন, ১০০ টাকা মূল্যমানের ৪৩টি জাল নোট, ৫০০ টাকা মূল্যমানের ২৪টি জাল নোট এবং ১ হাজার টাকা মূল্যমানের দুটি জাল নোট উদ্ধার করা হয়। এছাড়া একটি কাঁচের গ্লাসও জব্দ করা হয়েছে।উদ্ধার করা জাল নোটের মোট মূল্য ১৮ হাজার ৩০০ টাকা। এর সঙ্গে আগে উদ্ধার করা ৪০ হাজার ৫০০ টাকা মিলিয়ে মোট ৫৮ হাজার ৮০০ টাকার জাল নোট জব্দ করা হয়েছে।পুলিশ সূত্রে আরও জানা যায়, মামলার গ্রেপ্তার আসামিকে পুলিশ রিমান্ড শেষে যথাযথ নিয়মে আদালতে সোপর্দ করা হয়েছে। একই সঙ্গে এ ঘটনায় জড়িত পলাতক আসামিদের গ্রেপ্তারে অভিযান ও চেষ্টা অব্যাহত রয়েছে।সিএমপির পক্ষ থেকে জানানো হয়েছে, নগরে জাল টাকা তৈরি ও বাজারজাতের সঙ্গে জড়িত চক্রের বিরুদ্ধে গোয়েন্দা নজরদারি ও আইনগত ব্যবস্থা গ্রহণ অব্যাহত থাকবে।

- Advertisement -spot_img
  • পঠিত
  • সর্বশেষ

পাঠকের আগ্রহ

সম্পর্কিত