মঙ্গলবার, সেপ্টেম্বর ২৯, ২০২৬
spot_img

টেকনাফে কোস্ট গার্ডের পৃথক অভিযানে ৫ কেজি আইস ও ৫ হাজার ইয়াবা উদ্ধার

নিজস্ব প্রতিবেদক

মাদকের বিরুদ্ধে অভিযান চালিয়ে কক্সবাজারের টেকনাফে পৃথক দুটি অভিযানে ৫ কেজি ক্রিস্টাল মেথ (আইস) ও ৫ হাজার পিস ইয়াবা উদ্ধার করেছে বাংলাদেশ কোস্ট গার্ড। এ সময় ইয়াবাসহ একজন মাদক কারবারিকে আটক করা হয়েছে। তবে ৫ কেজি আইস উদ্ধারের ঘটনায় জড়িতরা কোস্ট গার্ডের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যায়।

সোমবার (২৪ আগস্ট) সকালে কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন এসব তথ্য জানান।

কোস্ট গার্ড সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে খবর পাওয়া যায়, মিয়ানমার থেকে ক্রিস্টাল মেথের একটি বড় চালান শাহপরীর দ্বীপ সংলগ্ন নাফ নদীর গোলারচর এলাকা দিয়ে বাংলাদেশে প্রবেশ করবে। এ তথ্যের ভিত্তিতে সোমবার রাত ৩টার দিকে কোস্ট গার্ড স্টেশন টেকনাফ ও আউটপোস্ট শাহপরীর সদস্যরা ওই এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করেন। অভিযানের সময় কোস্ট গার্ডের উপস্থিতি টের পেয়ে মাদক পাচারকারীরা ঝাউবনের মধ্যে পলিথিনে মোড়ানো একটি পুটলি ফেলে পালিয়ে যায়। পরে ওই এলাকায় তল্লাশি চালিয়ে পলিথিনের ভেতরে চায়ের প্যাকেটে অভিনব কায়দায় মোড়ানো অবস্থায় ৫ কেজি ক্রিস্টাল মেথ (আইস) উদ্ধার করা হয়।

কোস্ট গার্ড জানায়, উদ্ধার করা আইসের চালানটি মিয়ানমার থেকে নাফ নদী হয়ে বাংলাদেশে প্রবেশ করানোর চেষ্টা করা হচ্ছিল বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। এ ঘটনায় জড়িত মাদক ব্যবসায়ী ও তাদের সহযোগীদের শনাক্ত ও আটকের জন্য গোয়েন্দা নজরদারি এবং বিশেষ অভিযান অব্যাহত রয়েছে। অন্যদিকে, টেকনাফ থানাধীন কেরুনতলী এলাকায় রোববার (২৩ আগস্ট) সন্ধ্যা ৬টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে আরও একটি বিশেষ অভিযান পরিচালনা করে কোস্ট গার্ড।

অভিযান চলাকালে ওই এলাকায় সন্দেহজনক একটি অটোরিকশায় তল্লাশি চালানো হয়। তল্লাশির একপর্যায়ে অটোরিকশা থেকে প্রায় ২৫ লাখ টাকা মূল্যের ৫ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়। এ সময় একজন মাদক কারবারিকে আটক করে কোস্ট গার্ড সদস্যরা। কোস্ট গার্ডের পক্ষ থেকে জানানো হয়েছে, উদ্ধার করা মাদক ও আটক ব্যক্তির বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

কোস্ট গার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন বলেন, সীমান্ত ও উপকূলীয় এলাকায় মাদকের ভয়াবহ বিস্তার রোধে কোস্ট গার্ডের নিয়মিত অভিযান ও গোয়েন্দা নজরদারি অব্যাহত রয়েছে। ভবিষ্যতেও মাদকবিরোধী এ ধরনের অভিযান আরও জোরদার করা হবে।

- Advertisement -spot_img
  • পঠিত
  • সর্বশেষ

পাঠকের আগ্রহ

সম্পর্কিত