মঙ্গলবার, সেপ্টেম্বর ২৯, ২০২৬
spot_img

গাজীপুরে ঝুটের গুদামে আগুন, ঘন কালো ধোঁয়ায় আতঙ্ক

নিজস্ব প্রতিবেদক

গাজীপুর মহানগরীর কোনাবাড়ীর দেউলিয়াবাড়ি এলাকায় ঝুটের গুদামে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। একটি গুদাম থেকে আগুনের সূত্রপাত হয়ে মুহূর্তের মধ্যে আশপাশের আরও ১২টি গোডাউনে ছড়িয়ে পড়ে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ছয়টি ইউনিট কাজ করছে। বৃহস্পতিবার (২৭ আগস্ট) ভোর সাড়ে ৫টার দিকে কোনাবাড়ী মেট্রো থানাধীন দেউলিয়াবাড়ি এলাকায় এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

ফায়ার সার্ভিস ও স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা গেছে, দেউলিয়াবাড়ি এলাকার একটি ঝুটের গোডাউন থেকে প্রথমে আগুনের সূত্রপাত হয়। পরে তা দ্রুত আশপাশের গোডাউনগুলোতে ছড়িয়ে পড়ে। গোডাউনগুলোতে বিপুল পরিমাণ ঝুট ও অন্যান্য দাহ্য পদার্থ মজুত থাকায় আগুন দ্রুত ভয়াবহ আকার ধারণ করে। আগুন লাগার পর স্থানীয়রা প্রথমে তা নেভানোর চেষ্টা করেন। পরে খবর পেয়ে কোনাবাড়ী ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। আগুনের তীব্রতা বাড়তে থাকায় সারাবো ফায়ার স্টেশনের আরও তিনটি ইউনিট ঘটনাস্থলে যোগ দেয়। বর্তমানে মোট ছয়টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করছে।

কোনাবাড়ী ফায়ার সার্ভিসের ওয়্যারহাউস ইন্সপেক্টর মো. সাইফুল ইসলাম জানান, ভোর সাড়ে ৫টার দিকে আগুন লাগার খবর পাওয়া যায়। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ছয়টি ইউনিট কাজ করছে। তবে এখনো আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আসেনি। অগ্নিকাণ্ডের কারণ তাৎক্ষণিকভাবে জানা যায়নি। স্থানীয়রা জানান, গোডাউনগুলো পাশাপাশি থাকায় একটি গোডাউনে আগুন লাগার পর তা দ্রুত আশপাশের গোডাউনগুলোতে ছড়িয়ে পড়ে। আগুনের লেলিহান শিখা ও ঘন কালো ধোঁয়ায় এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে।

প্রাথমিকভাবে প্রায় ১২টি গোডাউন ক্ষতিগ্রস্ত হওয়ার তথ্য পাওয়া গেছে। তবে অগ্নিকাণ্ডে মোট ক্ষয়ক্ষতির পরিমাণ এখনো নিরূপণ করা সম্ভব হয়নি। গোডাউনগুলোতে থাকা বিপুল পরিমাণ ঝুট ও অন্যান্য মালামাল পুড়ে যাওয়ায় ব্যবসায়ীদের বড় ধরনের আর্থিক ক্ষতির আশঙ্কা করা হচ্ছে। তবে এ ঘটনায় এখন পর্যন্ত কোনো হতাহত হওয়ার খবর পাওয়া যায়নি। আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আসার পর অগ্নিকাণ্ডের কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ সম্পর্কে বিস্তারিত জানা যাবে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস।

- Advertisement -spot_img
  • পঠিত
  • সর্বশেষ

পাঠকের আগ্রহ

সম্পর্কিত