মঙ্গলবার, সেপ্টেম্বর ২৯, ২০২৬
spot_img

নতুন মোটরসাইকেল কিনে বাড়ি ফেরা হলো না

নিজস্ব প্রতিবেদক

চট্টগ্রামের মিরসরাইয়ে নতুন মোটরসাইকেল কিনে বাড়ি ফেরার পথে সড়ক দুর্ঘটনায় দুই বন্ধু নিহত হয়েছেন। শুক্রবার (২৮ আগস্ট) রাত সাড়ে ১১টার দিকে উপজেলার জাতীয় বিশেষ অর্থনৈতিক অঞ্চল সড়কের বড়তাকিয়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন—তালাত মাহমুদ শুভ (১৯) ও আব্দুল্লাহ আল ওমর। শুভ মঘাদিয়া ইউনিয়নের মিয়াপাড়া এলাকার মৃত আমিনুল ইসলামের ছেলে এবং ওমর একই ইউনিয়নের ফকিরপাড়া এলাকার প্রবাসী শেখ ফরিদের ছেলে। ওমর ফেনী পলিটেকনিক ইনস্টিটিউটের ইলেকট্রিক্যাল বিভাগের তৃতীয় বর্ষের শিক্ষার্থী এবং শুভ বারইয়ারহাট কলেজের শিক্ষার্থী ছিলেন।

পরিবার ও পুলিশ সূত্রে জানা যায়, শুক্রবার রাতে দুই বন্ধু নতুন মোটরসাইকেল কিনে বারইয়ারহাট যান। পরে মোটরসাইকেলে করে বাড়ি ফেরার পথে বড়তাকিয়া এলাকায় দ্রুতগতির একটি মালবাহী লরির সঙ্গে তাদের মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই শুভ নিহত হন। গুরুতর আহত ওমরকে উদ্ধার করে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।

নিহত শুভর ভাই ইমাম হোসেন ফরহাদ জানান, দুইজনই ভালো বন্ধু ছিলেন। পড়াশোনার পাশাপাশি তারা স্থানীয় আবুতোরাব বাজারের একটি ল্যাবে কাজ করতেন। নতুন মোটরসাইকেল কেনার পর বন্ধুকে নিয়ে বাড়ি ফেরার পথেই মর্মান্তিক দুর্ঘটনার শিকার হন তারা। মিরসরাই থানার ওসি ফরিদা ইয়াসমিন জানান, বড়তাকিয়া গেট এলাকায় মোটরসাইকেল দুর্ঘটনায় দুই বন্ধু নিহত হয়েছেন। দুর্ঘটনাকবলিত মোটরসাইকেল ও লরি পুলিশের হেফাজতে নেওয়া হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

দুই বন্ধুর আকস্মিক মৃত্যুতে মঘাদিয়া ইউনিয়নজুড়ে শোকের ছায়া নেমে এসেছে।

- Advertisement -spot_img
  • পঠিত
  • সর্বশেষ

পাঠকের আগ্রহ

সম্পর্কিত