
চট্টগ্রাম নগরের চকবাজারে অভিযান চালিয়ে জাল নোট চক্রের দুই সদস্যকে গ্রেফতার করেছে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) চকবাজার থানা পুলিশ। এ সময় তাদের কাছ থেকে মোট ১৩ হাজার ৫০০ টাকার জাল নোট, ২ হাজার ৩০০ টাকার আসল নোট এবং দুটি মোবাইল ফোন উদ্ধার করা হয়েছে।
শুক্রবার (২৯ আগস্ট) রাতে চকবাজার থানাধীন কেয়ারী ইলিশিয়াম মার্কেটের সামনে থেকে মোঃ পারভেজ (২৯) নামে একজনকে স্থানীয়দের সহায়তায় আটক করা হয়। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাকে হেফাজতে নেয়।পুলিশ জানায়, পারভেজের দেহ তল্লাশি করে তাঁর প্যান্টের পকেট থেকে ১ হাজার টাকা মূল্যমানের ১১টি জাল নোট, মোট ১১ হাজার টাকা এবং একটি নোকিয়া বাটন মোবাইল ফোন উদ্ধার করা হয়।
জিজ্ঞাসাবাদে পারভেজের দেওয়া তথ্যের ভিত্তিতে রাতেই চকবাজার থানাধীন কলেজ রোডের গুলজার মোড়ের দক্ষিণ পাশে বেক অ্যান্ড ফাস্ট দোকানের সামনে অভিযান চালিয়ে তাঁর সহযোগী মোঃ আলমগীর হোসেনকে (৩১) গ্রেফতার করা হয়।পুলিশের দাবি, আলমগীরের কাছ থেকে ৫০০ টাকা মূল্যমানের পাঁচটি জাল নোট, মোট ২ হাজার ৫০০ টাকা, ১০০ টাকা মূল্যমানের ২৩টি আসল নোট এবং একটি অপ্পো মোবাইল ফোন উদ্ধার করা হয়েছে।গ্রেফতারকৃতরা হলেন—ফটিকছড়ির মোঃ পারভেজ (২৯) এবং আনোয়ারার মোঃ আলমগীর হোসেন (৩১)।পুলিশ জানিয়েছে, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতার দুজন জাল টাকা ক্রয়-বিক্রয়ের উদ্দেশ্যে জাল নোট নিজেদের হেফাজতে রেখেছিলেন বলে তথ্য পাওয়া গেছে।
এ ঘটনায় তাদের বিরুদ্ধে ১৯৭৪ সালের বিশেষ ক্ষমতা আইনের ২৫-ক(খ) ধারায় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। জাল নোটের উৎস এবং এর সঙ্গে জড়িত অন্যান্য ব্যক্তিদের শনাক্ত ও গ্রেফতারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।


