শনিবার, সেপ্টেম্বর ২৬, ২০২৬
spot_img

শিক্ষার পাশাপাশি খেলাধুলা ও নৈতিক শিক্ষায় শিক্ষার্থীদের গড়ে তুলতে হবে: মেয়র ডা. শাহাদাত হোসেন

নিজস্ব প্রতিবেদক

চট্টগ্রাম সিটি কর্পোরেশনের (চসিক) মেয়র ডা. শাহাদাত হোসেন বলেছেন, শিক্ষার্থীদের শুধু পাঠ্যপুস্তকভিত্তিক শিক্ষা নয়, খেলাধুলা, সংস্কৃতি ও নৈতিক শিক্ষার সমন্বয়ে গড়ে তুলতে হবে। আজকের শিশুরাই আগামী দিনের নেতৃত্ব দেবে। তাই তাদের সুস্বাস্থ্য, নিরাপত্তা ও মানসম্মত শিক্ষা নিশ্চিত করা জরুরি।

সোমবার চসিক পরিচালিত কায়সার-নিলুফার কলেজের বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ এবং বিদায় সংবর্ধনা-২০২৬ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মেয়র জানান, শিক্ষার্থীদের স্বাস্থ্য সুরক্ষায় চট্টগ্রাম সিটি কর্পোরেশন স্কুল হেলথ কার্ড চালুর উদ্যোগ নিয়েছে। এর মাধ্যমে শিক্ষার্থীদের স্বাস্থ্য তথ্য সংরক্ষণ, নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা এবং প্রয়োজনীয় চিকিৎসা পরামর্শ প্রদানের ব্যবস্থা করা হবে। পাশাপাশি টিকাদান কার্যক্রম আরও জোরদার করে শিশুদের বিভিন্ন প্রতিরোধযোগ্য রোগ থেকে সুরক্ষা নিশ্চিত করা হবে।তিনি বলেন, শিশুদের জন্য নিরাপদ ও স্বাস্থ্যকর পরিবেশ নিশ্চিত করতে চসিক পরিচালিত শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে আধুনিক প্রযুক্তিনির্ভর শিক্ষা কার্যক্রম, শিক্ষার মানোন্নয়ন এবং শিক্ষাবান্ধব পরিবেশ গড়ে তোলার কাজ চলছে। একই সঙ্গে বিদ্যালয়ের আশপাশে নিরাপদ চলাচল, স্বাস্থ্যসম্মত পরিবেশ, খেলাধুলা ও বিনোদনের সুযোগ এবং শিশু অধিকার সুরক্ষায় বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে।

খেলাধুলার গুরুত্ব তুলে ধরে মেয়র বলেন, চট্টগ্রাম ঐতিহ্যগতভাবে ক্রীড়াবান্ধব নগরী। প্রতিভাবান খেলোয়াড় তৈরির ধারাবাহিকতা বজায় রাখতে নগরীর ৪১টি ওয়ার্ডে ৪১টি আধুনিক খেলার মাঠ নির্মাণের উদ্যোগ নেওয়া হয়েছে। এর মধ্যে ১১টি মাঠের উন্নয়ন কাজ ইতোমধ্যে সম্পন্ন হয়েছে। আগ্রাবাদের জাম্বুরী মাঠকে আধুনিক সুবিধাসম্পন্ন ক্রীড়া কমপ্লেক্সে রূপান্তরের কাজও এগিয়ে চলছে।নগরীর জলাবদ্ধতা নিরসন প্রসঙ্গে তিনি বলেন, সমন্বিত উদ্যোগ ও চলমান খাল সংস্কার কার্যক্রমের ফলে চট্টগ্রামে জলাবদ্ধতা অনেকাংশে কমেছে। চলমান প্রকল্পগুলো সম্পন্ন হলে নগরবাসী স্থায়ী সমাধান পাবে বলে আশা প্রকাশ করেন তিনি।

নাগরিক সচেতনতার ওপর গুরুত্বারোপ করে মেয়র বলেন, যত্রতত্র ময়লা-আবর্জনা, প্লাস্টিক ও পলিথিন ফেলার কারণে নালা-খাল ভরাট হয়ে পরিবেশ দূষণ ও জলাবদ্ধতা সৃষ্টি হয়। তাই পরিচ্ছন্ন নগর গঠনে সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।অনুষ্ঠানে সভাপতিত্ব করেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের প্রধান শিক্ষা কর্মকর্তা ড. কিসিঞ্জার চাকমা। এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কলেজ গভর্নিং বডির সদস্য হাজী মোহাম্মদ আলী, আবু বক্কর সিদ্দিক, মোহাম্মদ নেসার, সমাজসেবক খন্দকার নুরুল ইসলাম, সাব্বির আহমেদসহ অন্যান্য অতিথিবৃন্দ।

অনুষ্ঠান শেষে ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ এবং বিদায়ী শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান করা হয়। শিক্ষার্থীদের প্রাণবন্ত অংশগ্রহণে অনুষ্ঠানটি উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়।

- Advertisement -spot_img
  • পঠিত
  • সর্বশেষ

পাঠকের আগ্রহ

সম্পর্কিত