
জাতীয় সংসদে বিএনপি নেতা মনিরুল হক চৌধুরী (কুমিল্লা-৬) কর্তৃক হিজাব নিয়ে কটূক্তি ও অবমাননাকর মন্তব্যের অভিযোগে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির, চট্টগ্রাম মহানগর দক্ষিণ শাখা।
রোববার (১৪ জুন) রাত ৯টা ৪৫ মিনিটে নগরীর আগ্রাবাদ মোড় থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয়ে চৌমুহনী মোড়ে এসে সমাবেশের মাধ্যমে শেষ হয়।সমাবেশে শাখা সেক্রেটারি রাকিবুল ইসলামের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ছাত্রশিবিরের কেন্দ্রীয় কার্যকরী পরিষদ সদস্য ও চট্টগ্রাম মহানগর দক্ষিণ শাখার সভাপতি মাইমুনুল ইসলাম মামুন।
বক্তব্যে তিনি বলেন, “হিজাব কোনো ফ্যাশন নয়, এটি আল্লাহ প্রদত্ত বিধান। ৯০ শতাংশ মুসলমানের দেশে হিজাবকে কটূক্তি করে এই ভূখণ্ডকে রামরাজ্যে পরিণত করতে দেওয়া হবে না।”তিনি আরও অভিযোগ করেন, সংবিধানে মৌলিক অধিকারের কথা বলা হলেও সরকারি দলের একজন সংসদ সদস্য নারীদের পর্দার অধিকারকে ক্ষুণ্ন করে সংবিধান লঙ্ঘনের মতো কাজ করেছেন।
বক্তারা হিজাব নিয়ে বিতর্কিত মন্তব্যের নিন্দা জানিয়ে তা প্রত্যাহারের দাবি জানান এবং ধর্মীয় মূল্যবোধ ও সাংবিধানিক অধিকার রক্ষায় সকলকে সচেতন থাকার আহ্বান জানান।সমাবেশ শেষে শান্তিপূর্ণভাবে কর্মসূচি সমাপ্ত হয়।


