
চট্টগ্রাম মহানগরীর কোতোয়ালী থানা এলাকায় পৃথক অভিযানে আদালতের গ্রেফতারি পরোয়ানাভুক্ত পাঁচজন আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ।
মঙ্গলবার (১৬ জুন) কোতোয়ালী থানা পুলিশ এ অভিযান পরিচালনা করে। সিএমপির দক্ষিণ বিভাগের উপ-পুলিশ কমিশনার (অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতিপ্রাপ্ত) হোসাইন মোহাম্মদ কবির ভূঁইয়ার সার্বিক দিকনির্দেশনায়, অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (দক্ষিণ), সহকারী কমিশনার (কোতোয়ালী জোন) এবং কোতোয়ালী থানার অফিসার ইনচার্জের তত্ত্বাবধানে অভিযানটি পরিচালিত হয়।
অভিযানে এসআই সাইফুল ইসলাম, এসআই আব্দুল আউয়াল, এএসআই রিগান চাকমা, এএসআই সাইদুল ইসলাম ও এএসআই সালমাসহ সঙ্গীয় ফোর্স অংশ নেয়।পুলিশ জানায়, ইমারত নির্মাণ মামলা নং-০২/২০২৬, ইমারত নির্মাণ আইন, ১৯৫২-এর ১২(১) ধারার গ্রেফতারি পরোয়ানাভুক্ত চার পলাতক আসামি— শাওন ডি সিলভা, মার্ক ডি সিলভা, লিওনার্দ ডি সিলভা এবং বার্নোড ডি সিলভাকে গ্রেপ্তার করা হয়। এছাড়া সিআর-৬৪৩/২৬ (কোতোয়ালী) মামলার পরোয়ানাভুক্ত আসামি মিসেস শাহানারা করিম মোনিয়াকেও আটক করা হয়।
গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে আদালত কর্তৃক জারিকৃত পরোয়ানা কার্যকর করে প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।কোতোয়ালী থানা পুলিশ জানিয়েছে, পলাতক ও পরোয়ানাভুক্ত আসামিদের গ্রেপ্তারে নিয়মিত অভিযান অব্যাহত রয়েছে এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এ ধরনের কার্যক্রম ভবিষ্যতেও চলমান থাকবে।


