
চট্টগ্রাম মহানগরীর কোতোয়ালী থানার একটি ক্লুলেস চুরি মামলার তদন্তে অভিযান চালিয়ে জড়িত সন্দেহে একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।সিএমপির দক্ষিণ বিভাগের উপ-পুলিশ কমিশনার (অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতিপ্রাপ্ত) হোসাইন মোহাম্মদ কবির ভূঁইয়ার সার্বিক দিকনির্দেশনায়, অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (দক্ষিণ), সহকারী কমিশনার (কোতোয়ালী জোন) এবং কোতোয়ালী থানার অফিসার ইনচার্জের তত্ত্বাবধানে এ অভিযান পরিচালিত হয়।
পুলিশ সূত্রে জানা যায়, কোতোয়ালী থানার মামলা নং-১৭, তারিখ ৭ জুন ২০২৬, পেনাল কোডের ৩৭৯ ধারায় দায়ের হওয়া চুরি মামলার তদন্তের অংশ হিসেবে ১৫ জুন বিশেষ অভিযান পরিচালনা করেন এসআই (নিরস্ত্র) মো. মিজানুর রহমান ও এএসআই জুয়েল চাকমা। অভিযানে মো. নুরুন্নবী (৩৭) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়।গ্রেপ্তারকৃত নুরুন্নবীর বাড়ি চট্টগ্রামের চান্দগাঁও থানার হাজিরপুল এলাকায়। তাকে প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।
পুলিশ জানায়, গ্রেপ্তারকৃত ব্যক্তির বিরুদ্ধে পূর্বে চান্দগাঁও থানায় বিস্ফোরক দ্রব্য আইন, ১৯০৮ এবং পেনাল কোডের বিভিন্ন ধারায় দায়ের করা একটি মামলার তথ্য পাওয়া গেছে।কোতোয়ালী থানা পুলিশ জানিয়েছে, চুরি, ছিনতাই ও অন্যান্য অপরাধ দমনে তাদের অভিযান অব্যাহত রয়েছে এবং অপরাধীদের আইনের আওতায় আনতে নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে।


