শুক্রবার, জুন ১৯, ২০২৬
spot_img

শুল্ক ফাঁকি দিয়ে আনা ইলেকট্রনিক্স জব্দ, পতেঙ্গায় আটক ২

নিজস্ব প্রতিবেদক

 চট্টগ্রামের পতেঙ্গায় কোস্ট গার্ডের বিশেষ অভিযানে শুল্ক ফাঁকি দিয়ে বাজারজাতকরণের উদ্দেশ্যে বহনকালে বিপুল পরিমাণ ইলেকট্রনিক্স সামগ্রীসহ দুই চোরাকারবারিকে আটক করা হয়েছে। এ সময় চোরাচালানে ব্যবহৃত একটি ট্রাকও জব্দ করা হয়।

কোস্ট গার্ড সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে তথ্য পাওয়া যায় যে, চট্টগ্রামের পতেঙ্গা থানাধীন ১০ নম্বর ঘাটের পন্টুনে অবস্থানরত একটি বাণিজ্যিক জাহাজ থেকে অবৈধভাবে শুল্ক ফাঁকি দিয়ে বিপুল পরিমাণ ইলেকট্রনিক্স সামগ্রী খালাস করা হবে।প্রাপ্ত তথ্যের ভিত্তিতে গত ১৭ জুন ভোর ৫টায় কোস্ট গার্ড আউটপোস্ট পতেঙ্গা ওই এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করে। অভিযান চলাকালে সন্দেহভাজন একটি ট্রাকে তল্লাশি চালিয়ে অবৈধভাবে বহনকৃত প্রায় ১০ লাখ ৫২ হাজার ৮০০ টাকা মূল্যের বিভিন্ন ইলেকট্রনিক্স সামগ্রী উদ্ধার করা হয়।

জব্দকৃত মালামালের মধ্যে রয়েছে ১টি ফ্রিজ, ১টি ডিপ ফ্রিজ, ২টি ওয়াশিং মেশিন, ১টি পোর্টেবল এয়ার কন্ডিশনার (এসি), ৪টি ফুল ইউনিট এসি এবং ১টি আউটডোর এসি। এ সময় চোরাচালান কাজে ব্যবহৃত ট্রাকসহ দুই চোরাকারবারিকে আটক করা হয়।কোস্ট গার্ড জানিয়েছে, জব্দকৃত আলামত ও আটক ব্যক্তিদের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

কর্তৃপক্ষ আরও জানায়, দেশের উপকূলীয় এলাকায় চোরাচালান প্রতিরোধে কোস্ট গার্ডের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

- Advertisement -spot_img
  • পঠিত
  • সর্বশেষ

পাঠকের আগ্রহ

সম্পর্কিত