
চট্টগ্রামের সীতাকুণ্ডে আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় চট্টগ্রাম (আইআইইউসি) ক্যাম্পাসে অবস্থিত ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসির এটিএম/কালেকশন বুথ থেকে আত্মসাৎ করা প্রায় ১৫ লাখ টাকা উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় বুথে দায়িত্বরত নিরাপত্তাকর্মী মো. আইয়ুব আলী (৫৬)কে রংপুর থেকে গ্রেপ্তার করা হয়েছে।
শনিবার (২৭ জুন) বিকেলে রংপুরের কামারপাড়া বাসস্ট্যান্ড এলাকায় তথ্যপ্রযুক্তির সহায়তায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে সীতাকুণ্ড মডেল থানা পুলিশ। পরে তার কাছ থেকে আত্মসাৎ করা অর্থের মধ্যে ১৪ লাখ ৮৪ হাজার ৮২৮ টাকা উদ্ধার করা হয়। রবিবার (২৮ জুন) সকালে তাকে সীতাকুণ্ডে এনে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
মামলার এজাহার সূত্রে জানা যায়, গত বুধবার বিকেল ৩টার দিকে সীতাকুণ্ড উপজেলার কুমিরাস্থ আইআইইউসি ক্যাম্পাসে অবস্থিত ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসির এটিএম/কালেকশন বুথ থেকে নকল চাবি ব্যবহার করে ১৭ লাখ টাকা নিয়ে পালিয়ে যান নিরাপত্তাকর্মী আইয়ুব আলী। তিনি কক্সবাজার সদর উপজেলার বৈদ্যেরঘোনা এলাকার বাসিন্দা এবং প্রায় দেড় বছর ধরে ইসলামী ব্যাংকের চকবাজার শাখার অধীনে ওই বুথে নিরাপত্তাকর্মী হিসেবে কর্মরত ছিলেন।ঘটনার পর ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসির চকবাজার শাখার কর্মকর্তা মোহাম্মদ মুঈনুল ইসলাম বাদী হয়ে সীতাকুণ্ড মডেল থানায় মামলা দায়ের করেন। মামলা হওয়ার পরপরই অভিযুক্তকে গ্রেপ্তার এবং আত্মসাৎ করা অর্থ উদ্ধারে অভিযান শুরু করে পুলিশ।
সীতাকুণ্ড মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মহিনুল ইসলাম জানান, তথ্যপ্রযুক্তির সহায়তায় অভিযুক্তের অবস্থান শনাক্ত করে রংপুরে অভিযান পরিচালনা করা হয়। গ্রেপ্তারের সময় তার কাছ থেকে ১৪ লাখ ৮৪ হাজার ৮২৮ টাকা উদ্ধার করা হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি আত্মসাৎ করা টাকার অবশিষ্ট অংশের কিছু বিভিন্ন কেনাকাটায় ব্যয় করার কথা স্বীকার করেছেন।ওসি আরও জানান, ঘটনার সঙ্গে অন্য কেউ জড়িত ছিল কি না, তা তদন্ত করে দেখা হচ্ছে। উদ্ধার হওয়া অর্থ যথাযথ আইনগত প্রক্রিয়ায় জব্দ করা হয়েছে এবং মামলার তদন্ত অব্যাহত রয়েছে।


